বাড়ির ছাদ ঢালাই এর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের
দি নিউজ লায়ন; শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার লক্ষীকুন্ডু গ্রামে। মৃত যুবকের নাম প্রদীপ হাইত। তার বয়স ২৩ বছর। স্থানীয় সূত্রে জানা যায় যে দাসপুর থানা লক্ষীকুন্ডু গ্রামের অশোক হাইত এর ছেলে প্রদীপ হাইত একটি নতুন বাড়ি তৈরি করেছিলেন ।শনিবার সেই নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।
ছাদ ঢালাই করার জন্য ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হয়। ভাইব্রেটার মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় বাড়ির মালিক প্রদীপ হাইত। ওই ঘটনার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়।কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তার পরিবারের লোকেরা জানায় ।
যার ফলে ছাদ ঢালাইয়ের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় ।ওই ঘটনার পর গোটা এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

Post a Comment